চলতি বছর ভারত থেকে ২০০টি ব্রডগেজ রেল কোচ আসার পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এসব কোচ ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে আনা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জামায়াতে ইসলামী সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এই তথ্য জানান। তিনি আরও বলেন, প্রকল্প অনুযায়ী জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত কোচগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। কোচ আসার পর নতুন ট্রেন চালু করার জন্য রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ ১,৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১,০৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়েল গেজ ৭৭০ দশমিক ৬ কিলোমিটার। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ ও ডুয়েল গেজ রেললাইন স্থাপনের মাধ্যমে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান।
সরকারদলীয় সংসদ সদস্য মোশারফ হোসেন ও বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চলছে। ভারত থেকে কোচগুলো আসা শুরু হলে এই সংযোগের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।





